মনের কষ্ট দূর করতে কোরআনের শেখানো আমল
দুনিয়াতে চলার পথে মানুষের কটূক্তি, সমালোচনা কিংবা আচরণের আঘাতে অনেক সময় আমাদের বুক ফেটে কান্না আসে, অথচ সামাজিক বাধ্যবাধকতায় তা প্রকাশ করতে পারি না। মুখে হাসি ধরে রেখেই সংসার ও অন্যান্য কাজকর্ম চালিয়ে যেতে হয়, ভেতরের বোবা কান্না কেউ শুনতে পায় না। এ রকম নিদারুণ মানসিক যন্ত্রণার স্বীকার হতে হয়েছিল স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদকেও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে)। নবুয়তের পর দীর্ঘ ১৩ বছর মক্কার কাফেররা তাঁকে পাগল, উন্মাদ ও জাদুকর বলে অপবাদ দিয়েছে, নানাভাবে কষ্ট দিয়েছে। অথচ নবুয়তের আগে জীবনের চল্লিশটি বছর তিনি মক্কার এই মানুষগুলোর সঙ্গে কাটিয়েছিলেন এবং তিনি তাদের কাছে অত্যন্ত প্রিয় ও সম্মানিত মানুষ ছিলেন। বিশ্বনবী (সা.) মুশরিকদের কটু কথার জবাবে কটু কথা বলতেন না, নীরব থাকতেন। কিন্তু তাঁর অন্তর চৌচির ও সংকুচিত হয়ে আসত। আল্লাহ তাআলা এ রকম মানসিক অবস্থায় বিশ্বনবীকে (সা.) দুটি আমল করার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের সুরা হিজরের ৯৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘আমি জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সঙ্কুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।’ (সুরা হিজর: ৯৭, ৯৮)
১. আল্লাহর তাসবিহ ও জিকির বৃদ্ধি করা
মানুষের কটূক্তি, অপবাদ বা মণ খারাপ করা কথায় যখন অন্তর সংকুচিত হয়ে আসে, তখন প্রথম ও সহজ আমল হলো আল্লাহর জিকির ও তাসবিহ বাড়িয়ে দেওয়া। বেশি বেশি ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা এবং কোরআন মাজিদ খুলে যতটুকু সম্ভব। জিকির ও কোরআন তিলাওয়াত আপনার অন্তর থেকে সমস্ত হতাশা ও ভার দূর করে অন্তরকে অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দেবে, ইনশাআল্লাহ।
২. দীর্ঘ সিজদায় অবনমিত হওয়া
মানসিক যন্ত্রণার দূর করতে আরেকটি কার্যকরী আমল হলো নামাজ ও সিজদা। উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা এ রকম অবস্থায় সিজদা করার নির্দেশ দিয়েছেন। পার্থিব কোনো জটিলতা, মানুষের আচরণ বা চরম সংকটে যখন আপনি দিশেহারা, তখন নির্জনে কয়েক রাকাত নফল নামাজ আদায় করলে এবং নামাজে দীর্ঘ সময় ধরে সিজদা করলে শত কষ্টের মাঝেও হৃদয়ে প্রশান্তি ও নতুন শক্তি অর্জন করবেন, ইনশাআল্লাহ।
