আল কোরআন
সূরা সেজদা
পারা ২১, আয়াত ৩০, রুকু ৩ (মাক্কী)
৬. যা-কিছু দৃশ্যমান আর যা-কিছু সৃষ্টির বুদ্ধির অগম্য, সবকিছুই তিনি পরিজ্ঞাত। তিনি মহাপরাক্রমশালী, পরমদয়ালু। ৭-৯. তিনি তাঁর প্রত্যেক সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে। তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেন। তারপর তিনি তার বংশধারা বিস্তারের ব্যবস্থা করেন তুচ্ছ তরল নির্যাস থেকে। পরে তিনি একে সুগঠিত করে রুহ সঞ্চার করেন। তিনি তোমাদেরকে শোনা, দেখা ও বোঝার ক্ষমতা দিয়েছেন। অথচ এজন্যে তোমাদের কৃতজ্ঞতার প্রকাশ কত কম!
১০. ওরা বলে, ‘আমড়া মাটিতে মিশে গেলেও কি আমাদের নতুন করে সৃষ্টি করা হবে?’ ওরা তো ওদের প্রতিপালকের বিচারের মুখোমুখি হওয়ার বাস্তবতাকেই অস্বীকার করে। ১১. হে নবি! ওদের বলো, ‘মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে আর (নির্ধারিত দিনে) তোমাদের ফিরিয়ে আনা হবে তোমাদের প্রতিপালকের কাছে।’
১২. (মহাবিচার দিবসের অবস্থা, হে নবি!) যদি তুমি দেখতে! সেদিন দুরাচারীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! এখন আমড়া সবকিছু দেখেছি, সবকিছু শুনেছি। তুমি আমাদের আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দাও, যাতে আমড়া সৎকর্ম করতে পারি। কারণ এখন আমড়া সত্য সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী।’
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১০২-২১০৩
আনাস ইবনু মালিক (রা:) হতে বর্ণিত-
আবূ তায়বা আল্লাহর রাসূল (ﷺ)-কে শিঙা লাগলেন তখন তিনি তাকে এক সা’ পরিমাণ খেজুর দিতে আদেশ করলেন এবং তার মালিককে তার দৈনিক পারিশ্রমিকের হার কমিয়ে দেয়ার নির্দেশ দিলেন।
ইবনু ‘আব্বাস (রা:) হতে বর্ণিত-
নবি (ﷺ) শিঙা লাগালেন এবং যে তাঁকে শিঙা লাগিয়েছে, তাকে তিনি মজুরি দিলেন। যদি তা হারাম হত তবে তিনি তা দিতেন না।
