ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় রাস্তার ওপর
asif
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম
বরিশাল প্রতিবেদক - বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে মৃতভেবে রাস্তার ওপর ফেলে রাখা হয়। সেখান থেকে গুরুত্বর অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা পবিত্র বেপারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় ও আহতর স্বজনরা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার (পবিত্র) হাতে এবং দুই পায়ে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে মৃতভেবে হামলাকারীরা পবিত্র বেপারীকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত জখম ও অজ্ঞান অবস্থায় পবিত্র বেপারীকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন। থানা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে (পবিত্র) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় পবিত্র বেপারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে হামলাকারীরা নিজ এলাকা থেকে আত্মগোপন করায় তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। যেকারণে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে থানা পুলিশ অভিযান শুরু করেছেন।
