চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আইদি পরিবহনের একটি বাসে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাসটির চালক, স্টাফ ও সাধারণ যাত্রীরা। সবার সম্মিলিত সহযোগিতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বাসের ভেতরেই এক প্রসূতি নারী ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার কুমিল্লার বিজরা বাজার এলাকায় এ মানবিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী যাত্রী। প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চাঁদপুর ওয়্যারলেস এলাকা থেকে এক দম্পতি তাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে কুমিল্লাগামী আইদি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর ওই পুরুষ যাত্রী চালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাকে মুদাফফরগঞ্জ বাজারের কথা জানান। পরে মুদাফফরগঞ্জ বাজার পার হয়ে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই যাত্রী চিৎকার করে বাস থামানোর অনুরোধ করেন। তার চিৎকার শুনে অন্যান্য যাত্রীরা এগিয়ে এলে তিনি জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তীব্র প্রসব বেদনা উঠেছে। এ সময় বাসে থাকা অপর এক নারী যাত্রী এগিয়ে গিয়ে বুঝতে পারেন প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে বিজরা বাজারে বাসটি থামান। এরপর চালক, হেলপার ও কয়েকজন যাত্রী দ্রুত পাশের একটি হাসপাতালে ছুটে যান। তাদের অনুরোধে হাসপাতাল থেকে একজন প্রশিক্ষিত নার্স এসে বাসের ভেতরেই ওই নারীর নিরাপদ প্রসব সম্পন্ন করেন। সুস্থ ও ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম নেওয়ার পর বাসের সবার মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে। প্রসব প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ খানিকটা সময় লাগায় পেছনে থাকা একই পরিবহনের কয়েকটি বাস ওভারটেক করে সামনে চলে যায় এবং বাসটির নির্ধারিত সিরিয়াল ভেঙে যায়। তবে প্রসূতি মা ও নবজাতকের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসের কোনো যাত্রীই সময়ক্ষেপণের বিষয়ে কোনো অভিযোগ করেননি; বরং সবাই ধৈর্য ধরে পুরো সময়জুড়ে সহযোগিতা করেছেন।
