চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার
asif
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর শহরে পুলিশের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা নাহিদ হোসেন এবং তাঁর ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চেকপোস্টে আটক সন্দেহভাজন আরও ১০ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার ভোরে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় সদর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে তাদের মোবাইল ফোন পরীক্ষা করা হয়। এর মধ্যে এক যুবকের মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নাহিদ হোসেনের শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাহিদ হোসেন ও তাঁর ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
