মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছ থেকে মাত্র ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পূর্বে ওই শিশু ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নিজের মাকে মারধর করে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে নানা বাড়ি মনাইরকান্দি গ্রামে শিশুটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে তার মায়ের সাথে মনাইরকান্দি গ্রামে নানীর বাড়িতে বসবাস করে আসছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং মাকে মারধর করে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর মায়ের চোখের সামনেই ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, রায়হান ছেলেটা একটু একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য নিজের মাকে মারধর করে হাত-পা বেঁধে এমন চরম পথ বেছে নেবে, তা আমরা ভাবতেও পারিনি। চোখের সামনে সন্তানের এই দৃশ্য দেখে তার মা এখন বাকরুদ্ধ। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আফিফা বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
