গোলাপগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও হামলার চেষ্টার অভিযোগ, থানায় জিডি
asif
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
সিলেট প্রতিণিধি- সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপনকে হেনস্তা, ও হামলার চেষ্টা করার অভিযোগে কথিত সাংবাদিক খালেদ আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জ মডেল থানায় জিডিটি করেন সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন। জিডি নম্বর ৮২৯। সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন সাপ্তাহিক সকালের দিগন্তের সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহে যান সাংবাদিক স্বপন ও তাঁর সহকর্মী মাহদি রহমান। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে কথিত সাংবাদিক খালেদ আহমেদ তাঁদের পথরোধ করেন। এ সময় ‘তুই কিসের সাংবাদিক, কোন প্রেসক্লাবের?’-এ ধরনের কথা বলে খালেদ আহমেদ অশালীন ভাষায় গালাগাল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং একপর্যায়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক স্বপন ও তাঁর সহকর্মীকে নিরাপদে সরিয়ে নেয়। পুলিশ আসার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত খালেদ আহমেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে হামলা, হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার আশঙ্কার কথাও সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সাংবাদিক স্বপন। জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’ নামের একটি ফেসবুক পেজের সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ ও পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছেন। ভবিষ্যতে তাঁর মাধ্যমে হামলা, হুমকি, হয়রানি কিংবা পেশাগত কাজে বাধা সৃষ্টির আশঙ্কার কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে। এদিকে, সাংবাদিক স্বপনকে হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা বলেন, ভুঁইফোড়, কথিত ও ফেসবুকনির্ভর সাংবাদিকদের দৌরাত্ম্যের কারণে প্রকৃত সাংবাদিকরা পেশাগতভাবে হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যাতে অপেশাদার কর্মকা-ে জড়াতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমেদ আলী বলেন, সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
