হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
asif
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
দিনাজপুর প্রতিনিধি - : ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন। গত শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন ম-ল। তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ম-ল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করা হয়েছে। যে কারণে বাণিজ্য বন্ধভারতীয় ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতের এক্সপোর্টার্স ও আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় হিলি স্থলবন্দর নিয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বিভিন্ন কারণে হিলি বন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এ অবস্থায় ব্যবসায়ীদের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছেবাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন ম-ল বলেন, ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক কিছু সমস্যার কারণে সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি দীর্ঘ সময় বন্ধ থাকলে উভয় দেশের ব্যবসায়ীসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান করে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক এদিকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ। অর্থাৎ, পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা কিংবা অন্যান্য বৈধ প্রয়োজনে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুই দেশের যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। অনিশ্চয়তায় বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দরকে ঘিরে দুই দেশের আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পণ্য পরিবহনকারী, শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করেন। ভারতীয় ব্যবসায়ীদের ঘোষণার পর আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেলে বন্দরকেন্দ্রিক এসব ব্যবসা ও কর্মসংস্থানে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এখন দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে কত দ্রুত এ অচলাবস্থার অবসান হয় এবং হিলি স্থলবন্দরে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
