মাধবপুর প্রতিনিধি-: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে এসআরবি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে এসআরবি’র দল ঘটনাস্থলে পৌঁছলে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার বাসিন্দা পাকলু কলের ছেলে রাজু কল (৩২), একই এলাকার লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মন্টু তাঁতীর ছেলে হৃদয় তাঁতী (২৫)-কে আটক করে। এসময় তাদের কাছে রক্ষিত ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
