Logo
Logo
×

সারাদেশ

‘ক্লিন চাঁদপুর’-এর ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ

asif

asif

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

‘ক্লিন চাঁদপুর’-এর ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ

চাঁদপুর প্রতিনিধি -
শহরের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলার কুঅভ্যাস ত্যাগ করে পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে এক প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাবেক ছাত্রনেতা বর্তমান চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’-এই অনন্য স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে খাবার ও ফলদ-বনজ গাছ বিতরণ করছে সংগঠনটির একদল উদ্যমী তরুণ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরাণবাজার বৌ-বাজার সড়কের পৌর ডাস্টবিন সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিকালীন দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিজেদের বাসা-বাড়ি ও আশপাশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য কুড়িয়ে এনে জমা দিচ্ছেন সংগঠনের স্টলে। আর বিনিময়ে তাদের হাতে হাসি মুখে তুলে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার ও পরিবেশবান্ধব বৃক্ষচারা। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে উৎসাহ যোগাতে এমন উদ্ভাবনী উদ্যোগ উপহার দেওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। কর্মসূচিতে উপস্থিত থেকে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। পরিবেশ বিপর্যয়ের এই আশঙ্কাজনক সময়ে জলাশয় রক্ষা এবং সংক্রামক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ”ড্রেন ও জলাশয়ে প্লাস্টিক ফেলার ভয়াবহতা তুলে ধরে তিনি আরও বলেন, “প্রতিদিন শহরের নালা-নর্দমায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করছে, যা বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতার প্রধান কারণ। আমরা চাই মানুষ যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করুক। খাবার বা গাছ দেওয়া মূলত মানুষকে উৎসাহিত করার একটি মাধ্যম, যাতে প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলেন। ”সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচিটি পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার সবকটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ‘ক্লিন চাঁদপুর’ কেবল শহরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখাতেই সীমাবদ্ধ নয়; বরং সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম প্রদান, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই চাঁদপুরকে একটি আদর্শ ও মডেল শহরে পরিণত করবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

 

সম্পর্কিত খবর

উঁচু মাপের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো

উঁচু মাপের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো

সৈয়দপুরে বীমা গ্রাহকদের টাকা নিয়ে নানা অভিযোগ

সৈয়দপুরে বীমা গ্রাহকদের টাকা নিয়ে নানা অভিযোগ

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক

তেলের দাম বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে চরের মানুষের নাভিশ^াস

তেলের দাম বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে চরের মানুষের নাভিশ^াস

শিক্ষক ও যন্ত্রপাতি সংকটে চাঁদপুর আইএমটি

শিক্ষক ও যন্ত্রপাতি সংকটে চাঁদপুর আইএমটি

গাবতলীতে সরকারি রাস্তা নির্মাণে বাধা

গাবতলীতে সরকারি রাস্তা নির্মাণে বাধা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম