শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি ১ লক্ষ্য টাকা জরিমানা
asif
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি ১ লক্ষ্য টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি - বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ্য টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রানিরহাট এলাকার ‘ফারজানা ফিলিং স্টেশন’-এ অভিযান চালানো হয়। জানা যায়, প্রতিষ্ঠানটিতে জ্বালানি তেল বিক্রিতে দীর্ঘদিন ধরে কারসাজির অভিযোগ ছিল। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির অনুকূলে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল এবং অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে শেরপুর থানা-পুলিশের একটি দল।
