খুলনার চার থানা যেন অপরাধীদের অভয়ারণ্য
খুলনা প্রতিনিধি - খুলনা মহানগরীর খানজাহান আলী, আড়ংঘাটা, দৌলতপুর ও খালিশপুর থানা এলাকা যেন অপরাধপ্রবণ অঞ্চলে পরিণত হচ্ছে। এসব এলাকায় হত্যা, গুলিবর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, মাদকের আমদানি ও বেচাকেনা, আধিপত্য বিস্তার ও নানা অপরাধমূলক ঘটনার অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সাঁড়াশি যৌথ অভিযান পরিচালিত হলেও অপরাধীদের তৎপরতা থামছে না। সর্বশেষ আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলাইমান ফকির (৫৫) এবং ভ্যানচালক আ. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনা নতুন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর উত্তরাঞ্চলের এসব থানা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতার অভিযোগ রয়েছে। কোথাও আধিপত্য বিস্তার, কোথাও ব্যক্তিগত বিরোধ, আবার কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অভিযান চলার মধ্যেই নতুন নতুন অপরাধের ঘটনা ঘটায় এসব কার্যক্রমের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সচেতন মহলের মতে, শুধু অভিযান ও গ্রেপ্তার দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধের নেপথ্যে থাকা পৃ‘পোষক, অস্ত্র সরবরাহকারী, অপরাধী চক্রের নেতৃত্বদানকারী এবং অপরাধীদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। খুলনার এসব এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যৌথবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ অভিযান ও গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকলেও খুলনার বিভিন্ন এলাকায় গ্যাং ও অপরাধীদের তৎপরতা পুরোপুরি থামছে না। সম্প্রতি দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং অস্ত্রধারীদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী আজম শেখ গ্রেপ্তার বা বিভিন্ন গ্যাংয়ের (যেমনÑ বি কোম্পানি, পলাশ গ্রুপ, আরমান ও হুমা বাহিনী ইত্যাদি) দৌরাত্ম্য রুখতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চললেও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।
