ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি - ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল দশটার দিকে শহরের বাবুর আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া খাতুন কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে। নিহতের ভাই রাতুল হোসেন জানান, সুমার সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামের ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ির পর আমার বোনের প্রাক্তন স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায়ই আসা-যাওয়া করত। গতকাল বুধবার সকালে আমার বোন সুমা তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ির সামনে মিরাজের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মিরাজ সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে সুমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।
