কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি - ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৪৮ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে মশাল হাতে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলটি কালীগঞ্জের ঠিক কোন সড়কে বা এলাকায় হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে অংশগ্রহণকারীদের কয়েকজনের মুখ খোলা এবং কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা দেখা যায়। মিছিলের নেতৃত্বে থাকা এক যুবকের মুখ খোলা ছিল। ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, রাস্তাঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ১৯ নভেম্বর তারিখের হরতাল সফল হোক, সার্থক হোকÑএমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ব্যানারে প্রচারক হিসেবে ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের ছবি এবং নাম উল্লেখ করা হয়েছে। মিছিলে তারা আরও স্লোগান দেয়, কালীগঞ্জের মাটি, সাগর ভাইয়ের ঘাঁটি এবং ঝিনাইদহ-৪-এর মাটি, সাগর ভাইয়ের ঘাঁটি। আনোয়ার পারভেজ সাগর ঢাকায় অবস্থানরত যুবলীগের একজন নেতা। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে মিছিলের আয়োজক, অংশগ্রহণকারীদের পরিচয়, মিছিলের নির্দিষ্ট স্থান এবং এর সঙ্গে আনোয়ার পারভেজ সাগরের সম্পৃক্ততা বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
