মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে বন্ধুর মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি - হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। পুলিশ ও নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে জিয়া উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে ফয়সল মিয়ার। সে সুবাদে ফয়সলের কাছ থেকে ২ লাখ টাকা ধার আনে। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ায় গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে জিয়াউদ্দিনের বাড়িতে আসেন ফয়সল। ভোরে তার মা ফোনে জানায় ফয়সল মারা গেছে। খবর পেয়ে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে প্রবেশ করে ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, নিহতের বন্ধুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
