কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের স্লোগান
asif
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের স্লোগান
ঝিনাইদহ প্রতিনিধি - যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগা নামক স্থানে সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাত ১২টার দিকে মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক রিমন হাসান হৃদয়। এ সময় ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে আসে। এরপর বোতল থেকে সড়কের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। অল্প কিছুক্ষণ সেখানে অবস্থানের পর তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সঙ্গে সরকারি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
