পলিথিনের ঝুপড়ি ঘরে বৃদ্ধ দম্পতির বসবাস
পিরোজপুর প্রতিনিধি - ১৯৭৪ সালে এসএসসি পাস করা ইন্দ্রজিৎ দে একসময় গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতো। ৭০ বছর বয়সে ইন্দ্রজিৎ দে জীবনের শেষ প্রান্তে এসে সেই মানুষটিকেই দিন কাটাতে হচ্ছে চরম অভাব-অনটন আর মানবেতর পরিবেশে। থাকার মতো নেই নিরাপদ ঘর, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। ভাঙাচোরা টিনের কুপড়ি ঘরের ওপর পলিথিন টাঙিয়ে স্ত্রীকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন এই বৃদ্ধ দম্পতি । জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একটাই চাওয়া মৃত্যুর আগে যেন মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় পান। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের প্রয়াত জিতেন্দ্রনাথ দের ছেলে ইন্দ্রজিৎ দে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় পড়াশোনা শেষ করেও জোটেনি কোনো চাকরি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এ সামান্য আয় দিয়েই চলত তাঁর সংসার। বাবা-মায়ের মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সামান্য জমির ওপর একটি খুপরিঘরেই স্ত্রী ঝরনা রানি ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। মেয়েকে বিয়ে দিয়ে ভালোই ছিলেন। তবে বয়সের ভারে এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হয় না ইন্দ্রজিৎ দের। শারীরিক অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করেও জীবিকা নির্বাহ করার সামর্থ্য নেই তাঁর। বর্তমানে পিতার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁর আয়ের একমাত্র অবলম্বন। মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির লোকজন মাঝেমধ্যে চাল-ডাল ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই সহযোগিতায় কোনো রকমে চলে স্বামী-স্ত্রীর সংসার। অনেক সময় অর্ধাহারে-অনাহারেও দিন কাটাতে হয় তাঁদের। ইন্দ্রজিৎ দের বসতঘরের অবস্থা অত্যন্ত করুণ। ভাঙাচোরা টিনের চাল ও বেড়ার ওপর পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন তাঁরা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও ঘরের ভেতর পর্যাপ্ত আলো প্রবেশ করে না। ফলে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে চলাফেরা করতে হয়। একসময় ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানান তিনি। সরেজমিনে কুমিয়ান গ্রামের তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বসবাসের অনুপযোগী প্রায় ভেঙে পড়া ঘরটিতে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগে ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের জীবনের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইন্দ্রজিৎ দে। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। কয়েকটি সুপারি বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারলেও আগের মতো কাজ করার শক্তি নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সাথে কথা হলে তিনি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছেন এবং জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
