Logo
Logo
×

সারাদেশ

অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

asif

asif

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি - বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা। মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের মাধ্যমে সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ভাষা আন্দোলনের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বৃহত্তর কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নাম ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অথচ সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার পরিধি ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আরও সরকারি পৃ‘পোষকতা প্রয়োজন। শিক্ষার্থীরা আরও বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বতন্ত্র পরিচিতি। উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। কিন্তু আধুনিক শিক্ষার চাহিদা পূরণ, পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণ, গ্রন্থাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ আরও সুগম হবে। পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবেন। এতে বৃহত্তর কুমিল্লার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তারা উল্লেখ করেন, অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন ভাষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তাচেতনার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে হলে তাঁর নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির যথাযথ মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তাই শুধু আবেগের জায়গা থেকে নয়, বৃহত্তর অঞ্চলের শিক্ষার স্বার্থেই কলেজটি জাতীয়করণ করা সময়ের দাবি। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার দাবি জানান। শিক্ষার্থীদের প্রত্যাশা, মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির জাতীয়করণের দাবি সরকার মানবিক ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। এতে একদিকে যেমন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে উচ্চশিক্ষার আরও উন্নত ও সম্ভাবনাময় পরিবেশ। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটাই দাবিÑঐতিহ্য ও ইতিহাসের মর্যাদা রক্ষায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে হবে।
 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম